কোস্ট গার্ডের অভিযানে ৩৯০০০ লিটার জ্বালানি তেল জব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৩৯০০০ লিটার জ্বালানি তেল জব্দ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভোলা ও চট্টগ্রামে একই দিনে আলাদা দুটি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ও পরিবহন করা মোট ৩৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় দুইজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখা এবং অবৈধ মজুত ও পাচার রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভোলায় ২ হাজার লিটার তেল জব্দ

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভোলা সদর থানাধীন ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি স্টিল বডি বোটে অবৈধভাবে পরিবহনের সময় প্রায় দুই লাখ টাকা মূল্যের ২ হাজার লিটার জ্বালানি তেলসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জব্দকৃত তেল ভোলা সদরের এ. রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। পাশাপাশি আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বোটসহ তাদের ছেড়ে দেওয়া হয় এবং আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

চট্টগ্রামের সদরঘাটে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

একই দিনে কোস্ট গার্ড, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ অভিযানে ‘ওটি কোরবান আলী শাহ’ নামের একটি ট্যাংকারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

জব্দকৃত তেল ও ট্যাংকারের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad