সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারী আটক হয়েছেন এবং পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার রাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আভিযানিক দল একটি সন্দেহজনক নৌযানকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় নৌযানটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে নৌযান থেকে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


