কক্সবাজারের উখিয়া উপজেলায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বদিউর আলম নামে এক যুবক মারা গেছেন।
নিহতের বয়স ছিল ২৮ বছর। তিনি উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার নজির আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকালে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় কোটবাজার স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে টহলটিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।


