ঈদ ঘিরে সড়কে চাঁদাবাজি কিংবা অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, ‘অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
শনিবার সকালে নারায়ণগঞ্জে নির্মাণাধীন টার্মিনাল ও নৌবন্দর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, ঈদের সময়ে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে ফৌজদারি আইনের অধীনে বিচারের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।
রবিউল আলম বলেন, ‘লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃত্রিম সংকট তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে কিছু প্রমাণ মিলেছে এবং ব্যাখ্যাও চাওয়া হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ও নৌমন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।


