সাবেক যুবদল নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকারসহ চারজন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
শুক্রবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
ইসহাক ছাড়াও এনসিপিতে যোগ দেওয়া অন্য তিনজন হলেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, রেলওয়ের দুর্নীতিবিরোধী আন্দোলনের পরিচিত মুখ মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা)। তাদের মধ্যে ফেরসামিন হক ইকবাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষ নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
জানা গেছে, ইসহাক সরকার দীর্ঘ দিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের আমলে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তার বিরুদ্ধে ৩০০টির বেশি মামলা হয়, যদিও পরবর্তীতে তিনি অনেকগুলো থেকে খালাস পান।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপিতে ইসহাক সরকারকে বড় সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে দলের। এ লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদের পদত্যাগের গুঞ্জনও শোনা যাচ্ছে।
একই অনুষ্ঠানে দলে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেল খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে তরুণদের মধ্যে পরিচিতি লাভ করেন। অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন।


