আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়া আসনে বাবা ও ছেলে ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, ২৬ বছর বয়সী আবদুল হান্নান মাসউদের সম্পদের পরিমাণ তার বাবার সম্পদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা।
অন্যদিকে, তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের মোট সম্পদের পরিমাণ ২০ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা।
হলফনামায় আবদুল হান্নান মাসউদ নিজেকে ডিজিল্যান্ড গ্লোবালের স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন।
তার সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা, ব্যাংকে জমা ২ হাজার ৫৫ টাকা, ঋণপত্র ১ লাখ টাকা, স্বর্ণালংকার ৮ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ টাকা এবং আসবাবপত্র ১ লাখ টাকা।
এসব সম্পদের অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে ৪৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকায়।
আয় সংক্রান্ত তথ্যে দেখা যায়, গত এক বছরে আবদুল হান্নান মাসউদ ব্যবসা থেকে ৬ লাখ টাকা আয় করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।
শিক্ষাগত যোগ্যতার ঘরে তিনি সর্বোচ্চ আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পরীক্ষায় পাস বলে উল্লেখ করেছেন।
অন্যদিকে, হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
তার হলফনামা অনুযায়ী, তার কাছে নগদ রয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা।
এ ছাড়া, তার মালিকানায় রয়েছে ২৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ৭৫ হাজার টাকার আসবাবপত্র।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক কৃষি ও অকৃষি খাতে মোট ১৬৮ শতাংশ জমির মালিক।
গত এক বছরে তিনি কৃষি খাত থেকে ২ লাখ টাকা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সম্মানী বাবদ ১ লাখ ২০ হাজার টাকা আয় করেছেন।
হলফনামায় দেওয়া তথ্য প্রসঙ্গে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বলেন, তিনি তার মোট সম্পদের বিবরণ যথাযথভাবে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে এর বেশি কিছু বলতে চান না।
নির্বাচনে বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির ব্যানারে একতারা প্রতীকে এবং ছেলে আবদুল হান্নান মাসউদ জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


