জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও কমিশনারদের সঙ্গে ইউএনডিপি’র একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে।
বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আইনে পরিণত করার লক্ষ্যে অ্যাডভোকেসি কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া দেশের মানবাধিকার পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গঠনমূলক আলোচনা হয়।
কমিশনের বিস্তৃত এখতিয়ার, তা বাস্তবায়নে বিদ্যমান কাঠামোগত সীমাবদ্ধতা এবং তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে প্রতিবন্ধকতার বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন অংশগ্রহণকারীরা।
এ সময় চেয়ারম্যান ও কমিশনাররা মানবাধিকার সুরক্ষায় কমিশনের বর্তমান লক্ষ্য ও অগ্রাধিকারের বিষয়টি প্রতিনিধিদলকে অবহিত করেন।
উভয় পক্ষ মানবাধিকার সংলাপ অব্যাহত রাখা, তথ্য বিনিময় জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।


