বাংলাদেশে এমন প্রতিষ্ঠান প্রয়োজন যেখানে উদ্ভাবন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় গঠিত নতুন ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশ স্টার্টআপ ইনভেসমেন্ট কোম্পানির (বিএসআইসি) উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশীয় মূলধনকে উৎপাদনমুখী ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের দিকে প্রবাহিত করতে বিএসআইসি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’
‘দেশের আর্থিক খাতের পরবর্তী উন্নয়নে বিএসআইসির মতো প্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয়। এ উদ্যোগের সুফল যেন তৃণমূল পর্যায়ের মানুষও পায়, সেটি নিশ্চিত করতে হবে’, বলেন তিনি।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের আগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল প্রত্যাশিত সাফল্য অর্জন করতে না পারায় হতাশাও প্রকাশ করেন তিনি। তবে ব্যাংকগুলোর যৌথ এ নতুন উদ্যোগ আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
তিনি বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম নগদবিহীন (ক্যাশলেস) সমাজ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতৃত্বে এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। অংশীদার ৩৯টি ব্যাংক প্রতি বছর তাদের নিট মুনাফার ১ শতাংশ করে বিএসআইসির মূলধন তহবিল বাড়াতে বিনিয়োগ করবে। প্রায় ৪২৫ কোটি টাকা বা ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে বিএসআইসি।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহৃত আলাদা মালিকানাধীন কিউআর কোড আগামী ৩০ জুনের মধ্যে তুলে দেওয়া হবে। এর পরিবর্তে চালু হবে আন্তঃসংযোগযোগ্য (ইন্টারঅপারেবল) কিউআর কোড ব্যবস্থা।


