দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের জবাবে আমেরিকার একটি ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, এরপর আবারও কোনো মার্কিন হামলা হলে তার জবাব হবে ‘আরও মারাত্মক’।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে মার্কিন ঘাঁটিটির সুনির্দিষ্ট অবস্থান বা কীভাবে সেখানে হামলা চালানো হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে কুয়েত আর্মি জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা বেশ কিছু শত্রুভাবাপন্ন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে এক মার্কিন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ওড়ানো ইরানের ৪টি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন আকাশেই ধ্বংস করে দেয় আমেরিকান বাহিনী।
একইসঙ্গে ইরানের বন্দর আব্বাস এলাকায় অবস্থিত একটি ড্রোন নিয়ন্ত্রণ স্টেশনেও হামলা চালানো হয়, যেখান থেকে পঞ্চম ড্রোনটি ওড়ানোর প্রস্তুতি চলছিল। যুক্তরাষ্ট্রের দাবি, গত তিন দিনের মধ্যে এটি তাদের দ্বিতীয় আত্মরক্ষামূলক হামলা, যার উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি বজায় রাখা। ইরান হরমুজ প্রণালিতে কার্যকর অবরোধ সৃষ্টি করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের টায়ার শহরে ইরান-সমর্থিত হিজবুল্লাহর একাধিক কমান্ড সেন্টার লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ ও শুল্ক আদায়ের প্রচেষ্টাকে রুখতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের সদ্য গঠিত ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’র ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্কিন প্রশাসন এটিকে একটি ‘অর্থ আদায়ের জবরদস্তিমূলক প্রচেষ্টা’ হিসেবে আখ্যা দিয়েছে এবং এই সংস্থাকে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আন্তর্জাতিক এই জলপথের নিয়ন্ত্রণ কোনোভাবেই ইরানের হাতে ছেড়ে দেওয়া হবে না।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এবং মার্কিন-ইরান উত্তেজনা সম্পর্কিত এই ভিডিওটিতে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ বিশ্লেষণ করা হয়েছে। সূত্র: নিউইয়র্ক টাইমস


