জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর পুরস্কারপ্রাপ্তদের গত ২৯ জানুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার। একই সঙ্গে আগের তালিকা সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে ২ জুন।
নতুন প্রজ্ঞাপনে ২৮টি ক্যাটাগরিতে ৩২টি চলচ্চিত্র ও শিল্পী-কলাকুশলীকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
যুগ্মভাবে আজীবন সম্মাননায় প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চুর নামের সঙ্গে চিত্রনায়িকা ঝর্ণা বসাক (শবনম) ও চলচ্চিত্র সম্পাদক ফজলে হকের নাম যুক্ত হয়েছে।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মরিয়ম’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন খন্দকার সুমন—‘সাঁতাও’-এর জন্য। আগের তালিকাতেও তাদের নাম ছিল।
২৯ জানুয়ারির প্রজ্ঞাপনে ‘রক্তজবা’ ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে নিয়ামুল মুক্তার নাম ছিল। পরে তিনি জানান, তিনি ছবিটির চিত্রনাট্য করেননি, তাই পুরস্কারটি প্রত্যাখ্যান করেন এবং মো. তাহসীনুল হাসানের নাম সুপারিশ করেন। নতুন প্রজ্ঞাপনে মো. তাহসীনুল হাসানকেই পুরস্কারটি দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে আগের তালিকার নামই বহাল রয়েছে।
শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন আফরান নিশো—‘সুড়ঙ্গ’ ছবির জন্য। ‘সাঁতাও’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মনির আহমেদ (শাকিল) (‘সুড়ঙ্গ’), পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (‘ওরা সাতজন’)। খলচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী বিভাগে পুরস্কার পাচ্ছেন আশীষ খন্দকার (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’)।
শহীদুজ্জামান সেলিম ‘সুড়ঙ্গ’ ছবির জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা বিভাগে পুরস্কার পাচ্ছেন। ‘আম কাঁঠালের ছুটি’ ছবির জন্য মো. লিয়ন শ্রেষ্ঠ শিশু শিল্পী পুরস্কার পাচ্ছেন। একই ছবির শিশু শিল্পী বিশেষ শাখায় পুরস্কার পাচ্ছেন আরিফ হাসান আনাইরা খান।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির জন্য ইমন চৌধুরী ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ পুরস্কার পাচ্ছেন। ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়াতমা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক পুরস্কার পাচ্ছেন বালাম। শ্রেষ্ঠ গায়িকা পুরস্কার পাচ্ছেন অবন্তী সিঁথি ‘সুড়ঙ্গ’ ছবির ‘এ গা ছুঁয়ে বলো’ গানের জন্য।
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান হাবিব ‘লাল শাড়ি’ ছবির জন্য। শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার পাচ্ছেন সোমেশ্বর অলি ‘প্রিয়তমা’ ছবির ‘ঈশ্বর’ গানের জন্য। একই গানে শ্রেষ্ঠ সুরকার পুরস্কার পাচ্ছেন প্রিন্স মাহমুদ। একই ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনিকার পুরস্কার পাচ্ছেন প্রয়াত ফারুক হোসেন।
যৌথভাবে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা ‘সুড়ঙ্গ’র জন্য।
মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু ‘ওরা সাত জন’ ছবির জন্য শ্রেষ্ঠ সম্পাদক পুরস্কার পাচ্ছেন। ‘সুড়ঙ্গ’ ছবির জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে শহীদুল ইসলাম এবং শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে সুমন সরকার পুরস্কার পাচ্ছেন। ‘সাঁতাও’ ছবির জন্য শ্রেষ্ঠ শব্দগ্রাহক পুরস্কার পাচ্ছেন সুজন মাহমুদ। ‘সুড়ঙ্গ’র জন্য শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা পুরস্কার পাচ্ছেন বীথি আফরীন। ‘প্রিয়তমা’র জন্য শ্রেষ্ঠ মেক-আপম্যান পুরস্কার পাচ্ছেন সবুজ।


