আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর হামলা, রাতভর যৌথ অভিযান

আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর হামলা, রাতভর যৌথ অভিযান
Advertisement
Advertisement

চট্টগ্রামের খুলশীর আমবাগান রেলগেট এলাকায় আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এতে দুই কনস্টেবল আহত হয়েছেন।

রোববার সকাল ৭টা পর্যন্ত অভিযুক্তের সহযোগীদের ধরতে খুলশী, পাহাড়তলী ও আকবরশাহ থানার সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।

শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে আমবাগানে অভিযান চালায় খুলশী থানা পুলিশ। এ সময় অস্ত্রসহ শীর্ষ মাদক কারবারি ও পুলিশ তালিকাভুক্ত সন্ত্রাসী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আলমগীরের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই কনস্টেবল ছুরিকাঘাতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত কনস্টেবল মুবিনুল ইসলামের অবস্থা গুরুতর।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ জানান, আলমগীর গ্রেপ্তার হলেও তার সহযোগীরা পালিয়ে গেছে। তাদের ধরতে রাতভর যৌথ অভিযান চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ও বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

অভিযানের পর আমবাগান এলাকায় দফায় দফায় গুলির শব্দ শোনার কথা জানান স্থানীয় বাসিন্দারা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করেন।

পুলিশ জানায়, আলমগীরের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। লালখান বাজার, আমবাগান, খুলশী ও রেলক্রসিং এলাকায় তিনি মাদক কারবার নিয়ন্ত্রণ করতেন।
অভিযানের সময় গুলির ঘটনায় হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে রোববার সকাল ৯টা পর্যন্ত বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad