মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’- এর মধ্যেই জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক উৎসবের আলোচনায়। আসছে ২৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। এর আগে প্রকাশিত হলো দেড় মিনিটের ট্রেলার, যেখানে ধরা পড়েছে মা–মেয়ের টিকে থাকার লড়াই আর বেদনাময় বাস্তবতা।
ট্রেলারটি মেহজাবীনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ছবির অফিসিয়াল পেজে প্রকাশের পর থেকেই দর্শকরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন।
গল্পে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, আর গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন মোস্তফা মনোয়ার। ৯০ মিনিট দৈর্ঘ্যের এ ছবির চিত্রনাট্য লিখেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান, পরিচালনা করেছেন মাকসুদ নিজেই।
বিশ্বপ্রিমিয়ার হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গ্যোটেবর্গ, সিডনি ও রেইনড্যান্সসহ নামকরা উৎসবে। ভ্যারাইটি ও স্ক্রিন ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সমালোচকরা ছবিটির প্রশংসা করেছেন। ইতোমধ্যেই এটি বিক্রি হয়েছে যুক্তরাজ্যের চ্যানেল ৪, অস্ট্রেলিয়ার এসবিএস এবং কাজাখস্তানের অলটারনাটিভা ডেজ–এ।
নির্মাতা মাকসুদ হোসেন জানান, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই গল্প বুনেছেন—‘সাবা আসলে ছেড়ে দেওয়ার সাহস আর ভালোবাসার শক্তির গল্প।’


