আলিফ হত্যা মামলা: তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের আবেদন নামঞ্জুর

আলিফ হত্যা মামলা: তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের আবেদন নামঞ্জুর
চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের করা আবেদনসহ তার পক্ষে করা দুটি আবেদনই নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী আইনজীবী ফরিদুল আলমের জবানবন্দি রেকর্ড করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি আদালতে সাক্ষ্য দেন। পরে উপস্থিত ও পলাতক আসামিদের আইনজীবীরা তাকে জেরা করেন।

এদিন রাষ্ট্রপক্ষের আরও একজন সাক্ষী আদালতে হাজির ছিলেন। তবে সময়ের সংকটের কারণে তার সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী ধার্য তারিখে তার সাক্ষ্যগ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন চেয়ে একটি এবং তৃতীয় সাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে আরেকটি দরখাস্ত করা হয়। শুনানি শেষে আদালত দুটি আবেদনই নামঞ্জুর করেন।

চিন্ময় কৃষ্ণকে এদিন ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়। কারাগারে থাকা অন্য আসামিদের কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণের বাইরে চিন্ময়ের অনুসারী ও ইসকনপন্থী বেশ কয়েকজনকে ভিড় করতে দেখা যায়।

আরও পড়ুন

মামলার বাদীপক্ষের আইনজীবী ও মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, নিহত সাইফুল ইসলাম আলিফের বাবা মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা সম্পন্ন করার জন্য আসামিপক্ষ, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে প্রায় ছয়বার সময় চাওয়া হয়েছিল। দ্বিতীয় সাক্ষীর জেরাও এখনো সম্পন্ন হয়নি। বৃহস্পতিবার তৃতীয় সাক্ষীকেও জেরার জন্য সময় চাওয়া হয়।

রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, বারবার সময়ের আবেদন করে বিচারিক কার্যক্রম বিলম্বিত করার প্রবণতা দেখা যাচ্ছে। এতে গুরুত্বপূর্ণ এ মামলার বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। রাষ্ট্রপক্ষ দ্রুত ও নির্ধারিত সময়ে সাক্ষ্য নেওয়া শেষ করে মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে নিতে চায়।

এর আগে, গত ২০ জুলাই মামলার দ্বিতীয় সাক্ষী আইনজীবী শহিদুল আলম রাহাত আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। ওই দিন আদালত তার জেরা সম্পন্ন করার জন্য আজ ২০ আগস্ট দিন ধার্য করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। চলতি বছরের ১৯ জানুয়ারি ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু হয়।

বর্তমানে মামলাটি রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে রয়েছে। মামলায় ২৭ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ও বাকি ১২ জন পলাতক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad