আর যেন অন্ধকার-দুর্দিন ফিরে না আসে, সজাগ থাকতে হবে: রিজভী

আর যেন অন্ধকার-দুর্দিন ফিরে না আসে, সজাগ থাকতে হবে: রিজভী
রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে আর যেন অন্ধকার-দুর্দিন ফিরে না আসে, সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, একসময় বিএনপির লাখো নেতাকর্মীকে অনিশ্চিত ভবিষ্যতের জীবন কাটাতে হয়েছে। ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারবিরোধী মতের মানুষদের নিয়ে রক্তের হলি খেলেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ভোরবাজার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফরহাদনগর ইউনিয়নের জগৎ জীবনপুর গ্রামের পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া উপহারের বাড়ির চাবি হস্তান্তর ও স্মরণসভা উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রিজভী বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম-খুনের শিকার বিএনপির হাজারো নেতাকর্মীর পরিবারের অপেক্ষা এখনও শেষ হয়নি। বিএনপি গণতন্ত্র ও অসহায় মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে।

তিনি বলেন, দুর্শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মানুষকে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। পুলিশের গুলিতে নিহত হারুনরা মেট্রোরেল ও পদ্মাসেতু নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করেননি। তাদের স্বপ্ন ছিল সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা।

আরও পড়ুন

২০১৩ সালের ৪ ডিসেম্বর সরকারবিরোধী হরতালের সমর্থনে ফেনীতে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। এরপর থেকেই তাঁর পরিবারের পাশে দাঁড়ান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ এপ্রিল আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সংগঠনটির আয়োজনে হারুনের পরিবারের বাড়ি নির্মাণের কাজ শুরু হয়।

নতুন বাড়িতে মাথা গোঁজার ঠাঁই পেয়ে নিহত হারুনের স্ত্রী জোহরা বেগম প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান।

চাবি হস্তান্তর ও স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব সহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের কবর জিয়ারত করেন। পরে হারুনের পরিবারের জন্য নির্মিত নতুন ঘর উদ্বোধন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর