ফেনীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর উপস্থিতিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের স্মরণসভা করেছে দলটি।
রোববার দুপুরে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা ও দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নিহত যুবদল নেতা হারুনের পরিবারের জন্য প্রায় আট লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ঘরের চাবি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় রিজভী ছাড়াও বক্তব্য রাখেন ফেনী সদর আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, বেলাল আহমেদসহ স্থানীয় নেতারা।
সরেজমিনে দেখা যায়, ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সভার চেয়ারগুলোতে বসিয়ে প্যান্ডেল ভরাট করা হয়। এ ছাড়া দুপুর ১২টার দিকে সভা শুরু হওয়ার পর থেকে প্রায় দেড়টা মঞ্চসংলগ্ন দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ ছিল।
এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নীরব ক্ষোভ দেখা গেছে। স্থানীয়রা জানান, সভাটি ক্ষমতাসীন দলের হওয়ায় প্রকাশ্যে কেউ এ বিষয়ে কিছু বলেননি। দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


