জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের জন্য সরকারের নেয়া পদক্ষেপ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘আমরা কোনো রাজনীতিবিদ নয়, কেবল দায়িত্ব পালন করছি।’
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানে নিহতের গার্মেন্টস শ্রমিক পরিবার ও আহত গার্মেন্টস শ্রমিকদের অবস্থা’ নিয়ে ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এই সরকার কেবল একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাবে। তাদের কোনো দলীয় স্বার্থ বা রাজনৈতিক অভিলাশ নেই।’
উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্র আকারে ৩০ লাখ টাকা প্রদান করা হবে যার মধ্যে ৭৭৫ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।’
এ ছাড়া প্রত্যেক শহীদ পরিবার ২০ হাজার টাকা মাসিক ভাতা পাবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আহতদের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তিন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। ‘ক’ শ্রেণির আহতদের এককালীন ৫ লক্ষ টাকা অনুদান পেয়েছে এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা দেয়া হবে। ‘খ’ শ্রেণির আহতদের এককালীন ৩ লাখ টাকা অনুদান পেয়েছে এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা দেয়া হবে। ‘গ’ শ্রেণির আহতদের এককালীন প্রদান করা হবে ১ লাখ টাকা অনুদান পেয়েছে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন।’
গণঅভ্যুত্থানে যারা আহত-শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং তাদের পূর্ণাঙ্গ জীবিকার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফারুক-ই-আজম।
আলোচনা সভায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন উপদেষ্টা অ্যাডভোকেট আবেদ রাজা,ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক বাবুল আখতার,জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।


