নির্বাচনে জামায়াতের বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শুক্রবার বিকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে গিয়ে পথসভায় এ মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে রায় দিয়েছে, তাই আশা করবো জাতীয় নির্বাচনেও দেশের মানুষ ইনসাফের পক্ষেই রায় দিবেন। জামায়াত আমির কোনো দলের বিজয় চান না, কোনো পরিবারের বিজয় চান না, কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিজয় চান না। তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চান।’
তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় আসলে শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের পাশাপাশি তার চিন্তাধারার অসমাপ্ত কাজগুলো করা হবে। প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করা হবে। ৫০ লাখ যুবকের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।’
সাদিক কায়েম ওসমান হাদির স্মৃতিবিজরিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় হাদির বোন সুলতানা বিন হাদি, ভগ্নিপতি আমির হোসেন এবং ঝালকাঠি-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি শেখ নেয়ামুল করিমের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।


