ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জাহাজকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান চালান সদর উপজেলা ভুমি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানাকৃত জাহাজগুলোর মধ্যে হানিফের মালিকানাধীন ২টি, রহিমের ১টি এবং তুহিনের ১টি বাল্কহেড জাহাজ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চারটি অবৈধ বাল্কহেড জাহাজকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


