বান্দরবানে মসজিদের শৌচাগার থেকে আবুল কালাম আবু (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার মসজিদের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় ওই মরদেহ দেখে বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেয়।
মৃত আবুল কালাম দক্ষিণ বড়বিল এলাকার আবদুল হামিমের ছেলে। স্থানীয়ভাবে ‘আবু’ নামে পরিচিত আবুল কালাম চার সন্তানের জনক। বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তার একটি মুদি দোকান ছিল।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনজুর আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালের পর ময়নাতদন্তের জন্য ওই ব্যবসায়ীর মরদেহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঋণের চাপে ভেঙে পড়েছিলেন ব্যবসায়ী, মিলল ঝুলন্ত মরদেহ


