গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী জাতীয় সংসদে লোডশেডিংয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
রোববার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করে তিনি বলেন, গাজীপুরের কাপাসিয়াসহ বিভিন্ন এলাকায় দিনে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এই তীব্র লোডশেডিংয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে এবং পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে।
সালাহউদ্দিন আইয়ুবী আরও উল্লেখ করেন, বিদ্যুৎ সংকটের ফলে কেবল পরীক্ষার্থীরাই নয়, বরং চিকিৎসা ব্যবস্থা এবং সেচ কার্যক্রমও মারাত্মকভাবে ভেঙে পড়েছে। সঠিক সময়ে বিদ্যুৎ না পাওয়ায় সেচ কাজ ব্যাহত হচ্ছে, যা কৃষি খাতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
তিনি সতর্ক করে বলেন, বিদ্যুৎ সংকটের এই চিত্র দ্রুত সমাধান করা না হলে সংশ্লিষ্ট সব খাত অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। অবিলম্বে এই সমস্যার সমাধানে তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কার্যকর পদক্ষেপ দাবি করেন।
একই সঙ্গে তিনি কেনাকাটায় দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, অতীতে বিভিন্ন পণ্য কেনাকাটায় ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি আরও বলেন, এই সংসদের বিভিন্ন পণ্য কেনাকাটায় দুর্নীতি হয়েছে, যা চার হাজার টাকার পণ্য ২১ হাজার কোটি টাকায় কেনা হয়েছে।


