রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের তিনতলা থেকে পড়ে পিংকি নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পিংকির বাবার নাম আমিনুর এবং মায়ের নাম নাজনীন বেগম। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই থানার নিজগাঁও গ্রামে। রোববার বনানীর ডি ব্লকের ১৩ নম্বর রোডের ৮৭ নম্বর আবাসিক ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ওই ভবনের তৃতীয় তলায় পিঙ্কি গৃহকর্মীর কাজ করতেন।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) মো. মইনুদ্দিন বলেন, বিকালে ওই ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসার ভেতরে কোনো ঘটনার জেরে তাকে ওপর থেকে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে থানা পুলিশ সিআইডি ক্রাইম সিন টিমকে বিষয়টি অবহিত করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে সংশ্লিষ্ট ফ্ল্যাটের ভাড়াটিয়া মো. বিজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ঘটনা পর আনুমানিক ১০০ থেকে ১৫০ জন উত্তেজিত জনতা অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে।


