ভাওয়াল রিসোর্টে টাস্কফোর্সের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬

ভাওয়াল রিসোর্টে টাস্কফোর্সের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬
সিনথেটিক মাদক ও দেশি-বিদেশি মদসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুর সদর উপজেলার ‘ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মাদকবিরোধী টাস্কফোর্স। শুক্রবার রাতের এই অভিযানে বিপুল পরিমাণ সিনথেটিক মাদক ও দেশি-বিদেশি মদসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, আম্বার গ্রুপের মালিক শওকত আজিজ রাসেলের এই রিসোর্টে ‘আর্ট এক্স’ নামের একটি ব্যানারে ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‍্যাব-১ এবং জয়দেবপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত ৭০ জনের একটি দল রাত ৯টার দিকে সেখানে অভিযান শুরু করে।

গ্রেপ্তাররা হলেন জাহিদুল আলম জয় (৩৪), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩), ফয়জুল ইসলাম খান লাবিব, মো. আবির হোসেন (২৩), ইফতিয়ার কাসেম চালী (৩০) এবং জিহাদ আহম্মেদ রাফি (১৯)। এদের মধ্যে বেশির ভাগই রাজধানীর গুলশান, বসুন্ধরা ও বাড্ডা এলাকার বাসিন্দা।

অভিযানে রিসোর্টের কনফারেন্স কক্ষ ও দুটি কক্ষ (২০৯ ও ৪০৬ নম্বর) থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫.৫ গ্রাম এমডিএমএ (এক্সটাসি), ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১ ক্যান হান্টার বিয়ার এবং ৩ বোতল বিদেশি ভোদকা।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাহিদুল আলম জয়ের নেতৃত্বে এই ডিজে পার্টির আড়ালে তরুণ-তরুণীদের মাঝে সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল। রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জয় অনুষ্ঠান আয়োজনের জন্য ভাওয়াল রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। তবে এই ডিজে পার্টি পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে রিসোর্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর