রংপুর মহানগরীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাকিব (২০) নামে এক তরুণকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর বৈরাগী পাড়ার মাছুয়াপাড়া মোড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাকিব ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে তিনি অভিযুক্ত মাদক ব্যবসায়ী মুমিনের সহযোগী হিসেবে কাজ করতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, তাতিপাড়া এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মুমিনসহ একদল দুর্বৃত্ত রাকিবের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি আরও জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও পুরনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, হত্যাকাণ্ডের শিকার রাকিবের বাবা আব্দুস সামাদ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘গত বছরের ১৪ নভেম্বর মুমিন আমার ছেলেকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করেছিল। ওই সময় আমি থানায় মামলা করলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আমার ছেলেকে প্রাণ দিতে হলো।’ তিনি খুনি মুমিনসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত মুমিন ও তার সহযোগীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।


