তীব্র গরমের মধ্যে আদালতে কোট-গাউন পরার বাধ্যবাধকতা শিথিলের আবেদন জানিয়েছেন আইনজীবীরা। রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে এ আবেদন করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোহাম্মদ রিদুয়ান।
আবেদনে বলা হয়েছে, চলমান তাপপ্রবাহে আদালতে নির্ধারিত ড্রেস কোড মেনে কাজ করতে গিয়ে আইনজীবীরা চরম ভোগান্তিতে পড়ছেন। অধিকাংশ এজলাসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। কোথাও সিলিং ফ্যান থাকলেও তা পর্যাপ্ত নয়, আবার অনেক ফ্যান নষ্ট থাকায় স্বস্তি মিলছে না।
আইনজীবীরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রীষ্মের তীব্রতা বাড়ছে এবং দীর্ঘায়িত হচ্ছে। এতে হিটস্ট্রোকসহ নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। অতীতে গরমে দায়িত্ব পালন করতে গিয়ে আইনজীবীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে আবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি পানিশূন্যতা, অজ্ঞান হয়ে যাওয়া, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ার ঝুঁকির কথাও তুলে ধরা হয়েছে।
এ অবস্থায় আদালতে কোট-গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করে বিকল্প হিসেবে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।
আইনজীবী মোহাম্মদ রিদুয়ান বলেন, ‘বর্তমান আবহাওয়ায় প্রচলিত ড্রেস কোড মেনে কাজ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আদালতে পর্যাপ্ত শীতল পরিবেশের অভাব এবং বিদ্যুৎ সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে।
অতীতে গরমের সময় ড্রেস কোড শিথিল করায় আইনজীবীরা স্বস্তিতে দায়িত্ব পালন করতে পেরেছিলেন। বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।


