চীনের ইউনান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মা ওয়েনহুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বুধবার ওয়েনহুইয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড সভায় যোগ দেন।
সভায় উপাচার্য একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণদের জন্য আরও শিক্ষার সুযোগ সৃষ্টিতে ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এখন শুধু একটি ভাষা শিক্ষাকেন্দ্র নয়, বরং এর চেয়েও অনেক বেশি কিছু। এই প্রতিষ্ঠান বাংলাদেশ এবং চীনের মধ্যে ভাষা শিক্ষা, সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি অর্থবহ সেতু হিসেবে কাজ করে আসছে।
বৈঠকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেন। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক একাডেমিক ও গবেষণা কার্যক্রম, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং আরও সহযোগিতামূলক উদ্যোগ জোরদার করার প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।
এ ছাড়াও বোর্ড সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক প্রতিবেদন ও বাজেট পর্যালোচনা ও অনুমোদন করা হয়।


