ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ৫ দিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে পানি সরবরাহ।
এতে হাসপাতালের ভর্তি থাকা ৮৮ জন রোগী, তাদের স্বজন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
গত সোমবার থেকে বাথরুমের পাশাপাশি কোনো কলে পানি না থাকায় পুরো হাসপাতাল এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পানির কলগুলো থেকে এক ফোঁটাও পানি পড়ছে না। বাধ্য হয়ে ভর্তি রোগীর স্বজনরা দূরবর্তী খাল বা পুকুর থেকে বালতি ভরে পানি সংগ্রহ করছেন।
অনেক রোগী ও স্বজনদের অভিযোগ, চার দিন ধরে পানি না থাকায় তারা গোসল বা আনুষঙ্গিক কাজ করতে পারছেন না। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলেও দাবি করেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৫৫ বছর আগে প্রতিষ্ঠার সময় স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলটি এখন অকেজো হয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের রাসেল জানান, ‘দীর্ঘদিন ধরেই টিউবওয়েলটিতে সমস্যা দেখা দিচ্ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিনবার মোটর পরিবর্তন করা হলেও প্রতিবারই তা পুড়ে যায়। বর্তমানে পরীক্ষায় দেখা গেছে, মাটির নিচে পানির স্তর পাওয়া যাচ্ছে না।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, টিউবয়েলের পাইপ ওয়াশ করার কাজ শুরু হয়েছে। এতে যদি পানির সমাধান না হয়, তবে বিকল্প হিসেবে হাসপাতালের পুকুর থেকে অস্থায়ীভাবে বাথরুমে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
এদিকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নতুন একটি গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত দিয়েছে। তবে নতুন নলকূপ স্থাপন না হওয়া পর্যন্ত এই মানবিক বিপর্যয় থেকে উত্তরণের কোনো স্থায়ী পথ দেখছেন না স্থানীয়রা।


