মাদারীপুরের বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা সাড়ে ৩০০ ছাড়িয়েছে।
শুক্রবার সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে জেলার সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬৭ রোগী।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া তিন শিশুসহ বর্তমানে সেখানে ভর্তি আছে ৩২ শিশু। এসময়ে হাসপাতাল ছেড়েছে ১৪ জন।
মাদারীপুরে হাম উপসর্গে মৃত্যু হয়েছে এক শিশুর। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে ৩৬ জনকে। হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আলাদা একটি ইউনিট খোলা হয়েছে।
সদর উপজেলার মস্তফাপুর এলাকার খালপাড় থেকে আসা শিশু হুমাইরার বাবা নাঈম মাতুব্বর বলেন, ‘হঠাৎ কাশি আর বমি শুরু হয়। শরীরে দেখা দেয় গুঁড়ি গুঁড়ি ঘামাচি। প্রথমে প্রাইভেট হাসপাতাল, পরে সরকারি হাসপাতালে নিয়ে আসি। চারদিন ধরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অখিল সরকার জানান, শিশুদের শরীরে হামের কোনো উপসর্গ দেখা দিলে ভীত বা আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক হাতের কাছে সরকারি হাসপাতালে আসতে হবে। পাশাপাশি শিশুদের তরল খাবার খাওয়াতে হবে।
এই রোগের প্রতিরোধক টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।


