নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি ইটভাটার ডোবা থেকে নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে স্থানীয় লোকজন পূর্ব রাজুর গাঁও গ্রামের ইটভাটা-সংলগ্ন একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাম মো. সোহেল রানা (২৪)। তিনি চামন্দি ইউনিয়নের অলি উদ্দিনের ছেলে। সোহেল ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি গত দুই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেন, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটায় কাজে যাননি। বিকালে তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব। এ সময় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপর সন্ধ্যার পর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন।
তিনি আরও জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে ইটভাটার অফিস-সংলগ্ন ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি সোহেল রানার বলে শনাক্ত করেন।
প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাব কিছু বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।


