নিখোঁজের একদিন পর ধানখেতে মিলল এক স্কুলছাত্রের মরদেহ। নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মমিনুর রহমান ওরফে মহাবীর (১৬) উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। সে স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে কাঁঠালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হামিদুলের বাড়ির পাশের একটি ধানখেতে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকালে মমিনুর তার বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে জলঢাকা বাজারের উদ্দেশে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরদিন সকালে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের অনেকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


