দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। জনগণ যেমন দেশ দেখতে চান, সেই দেশ গড়তে কাজ করবে বর্তমান সরকার।’
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় ১৯৭১ ও ২০২৪-এ যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বহু বছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
তিনি বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি দেশের মানুষ যেভাবে নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে, আগামী দিনগুলোতে আরও বেশি শান্তিপূর্ণভাবে যেন ঈদ উদযাপন করতে সক্ষম হই। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করতে পারি সেই প্রত্যাশা করি।’
তিনি বলেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, তাদের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে। দলমত নির্বিশেষে সবাই ভালো থাকবেন।’


