সংসদের বাইরে তিন দাবিতে এনসিপির মানববন্ধন

সংসদের বাইরে তিন দাবিতে এনসিপির মানববন্ধন
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন জাতীয় সংসদ ভবনের সামনে তিন দফা দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে ব্যানার–ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তারা অবস্থান নেন। বিক্ষোভে নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিনসহ দলের নেতাকর্মীরা।

এনসিপির তিন দফা দাবি হলো—সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

বিক্ষোভ সমাবেশে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ আজ দুটি ভাগে বিভক্ত—একটি ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি ফ্যাসিবাদের বিপক্ষে।’

আরও পড়ুন

তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘যারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি হিসেবে সংসদে আছেন, তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন এবং তার অভিশংসনের দাবি তোলেন।’

তিনি আরও বলেন, ‘আমরা এনসিপির পক্ষ থেকে নয়, দেশের মানুষের পক্ষ নিয়ে এখানে দাঁড়িয়েছি।’ সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের জনরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে চিহ্নিত ফ্যাসিবাদীদের জামিন দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নিয়েও জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্যদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad