ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertisement
Advertisement

বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে বিভিন্ন ভাষা শেখানোর জন্য ভাষা শিক্ষা কেন্দ্র চালুর কথাও বলেছেন তিনি। এতে করে তরুণরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পাবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বাড়ানোর উপায় ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যেন কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়—সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই

বৈঠকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অন্যান্য উন্নত দেশের বিমানবন্দরের মতো ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্দির সংস্কারের উদ্যোগ

অতিরিক্ত প্রেস সচিব জানান, নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগও নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রচারণার সময় মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের একটি ভঙ্গুর মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই মন্দিরের সংস্কারকাজ আগামী শনিবার শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শনিবার সকালে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী ফরহাদ হালিমের সঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর