পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে দেখা দিল ‘রক্তিম চাঁদ’

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে দেখা দিল ‘রক্তিম চাঁদ’
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ছবি: শাহীন রহমান/ টাইমস
Advertisement
Advertisement

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে বাংলাদেশের আকাশে দেখা গেছে রক্তিম চাঁদ। মঙ্গলবার রাতে পাবনার চাটমোহর উপজেলায় এই বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্যটি দেখা যায়।

এছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ চাঁদ উপভোগ করে মানুষ।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলার সময় চাঁদ গাঢ় লালচে আভা ধারণ করে, যা ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ নামে পরিচিত। এটি ছিল ২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্যের আলোকে চাঁদের ওপর সরাসরি পড়তে বাধা দেয় তখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে। এ সময় পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে ঢেকে ফেলে। তবে চাঁদ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় না; বরং ধারণ করে লালচে আভা।

কেন চাঁদ লাল হয়?

বিজ্ঞানীরা জানান, এই লালচে রঙের পেছনে রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের আলোক-বিচ্ছুরণ প্রক্রিয়া। সূর্যের সাদা আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে নীল তরঙ্গদৈর্ঘ্যের আলো বেশি বিচ্ছুরিত হয়, আর লাল তরঙ্গদৈর্ঘ্যের আলো তুলনামূলকভাবে সরাসরি অতিক্রম করতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে বেঁকে যাওয়া এই লাল আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়। ফলে চাঁদকে রক্তিম দেখায়।

আরও পড়ুন

এ ছাড়া, পৃথিবীর বায়ুমণ্ডলে ধুলিকণা, জলীয়বাষ্প বা দূষণের পরিমাণের ওপর নির্ভর করে লালচে রঙের তীব্রতা ভিন্ন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে চাঁদ গাঢ় তামাটে বা বাদামি আভাও ধারণ করে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কতটা বিরল?

চন্দ্রগ্রহণ বছরে একাধিকবার ঘটতে পারে। তবে সব চন্দ্রগ্রহণই পূর্ণগ্রাস নয়। আবার পৃথিবীর সব অঞ্চল থেকে প্রতিবার পূর্ণগ্রাস গ্রহণ দেখা যায় না। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং আকাশ পরিষ্কার থাকার ওপর নির্ভর করে দৃশ্যমানতা পরিবর্তিত হয়।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাধারণত কয়েক ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। এর মধ্যে ‘পূর্ণগ্রাস’ পর্যায়টি তুলনামূলকভাবে স্বল্প সময়ের হলেও সেটিই সবচেয়ে আকর্ষণীয় অংশ।

নিরাপদ ও সহজ পর্যবেক্ষণ

বিশেষজ্ঞরা জানান, সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে বিশেষ সুরক্ষার প্রয়োজন হয় না। খালি চোখে, দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করে নিরাপদে এই দৃশ্য উপভোগ করা যায়।

মঙ্গলবারের এই ‘ব্লাড মুন’ অনেকের কাছেই হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে চাঁদের লালচে রূপের অসংখ্য ছবি ও ভিডিও, যা মহাজাগতিক এই ঘটনার প্রতি মানুষের আগ্রহ ও উচ্ছ্বাসেরই প্রতিফলন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর