স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন ছয়জন প্রশাসক। মঙ্গলবার সকালে সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীর উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, তা সংসদে নির্ধারিত হবে। সে ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সচল করা হবে এবং ধাপে ধাপে পৌরসভাসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।’
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক প্রশাসকরা জনগণের সেবা নিশ্চিত করতে আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন বলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে মেয়াদ শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় রাজনৈতিক প্রশাসকরা সরকারি কর্মকর্তাদের তুলনায় সিটি করপোরেশনে ভালো কাজ করতে পারবেন। অকার্যকর স্থানীয় সরকারকে সচল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নতুন প্রশাসকরা মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ কমাতে কাজ করার অঙ্গীকার করেছেন। জনগণের সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তারা। দ্রুত কাজ এগিয়ে নিতে ৬০ দিনের কর্মসূচি নেওয়ার কথাও জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসকরা।


