চট্টগ্রাম নগরের হালিশহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে একজন মারা গেছেন।
নিহতের নাম রানী আক্তার (৪০)। তিনি ওই ঘটনায় দগ্ধ শাখাওয়াত হোসেনের স্ত্রী। শাখাওয়াত হোসেন নিজেও শতভাগ দগ্ধ হয়েছেন। তাদের বাড়ি কুমিল্লার বরুড়ায়।
সোমবার গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রানীর মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া মো. মকবুল হোসেন টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মকবুল হোসেন বলেন, ‘ঢাকায় নেয়ার পথে রানী আক্তার মারা গেছেন। তাকে কুমিল্লা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের গ্রামের বাড়িতে কেউ নেই। আমরা সকালে গিয়ে তার দাফন সম্পন্ন করব।’
তবে কুমিল্লায় এখনো এই মৃত্যুর খবর পৌঁছেনি বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম।
এর আগে ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ–সংলগ্ন এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশু ও নারীসহ ৯ জন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।


