জগত সংসারে সবকিছুকেই এড়িয়ে যাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষকে এড়িয়ে যাওয়া যায় না। ক্ষণিকের রাগ-অভিমানে হয়তো মন বিক্ষিপ্ত হয় কিন্তু পরক্ষণই প্রিয় মানুষটি তার কাছে টেনে নিয়ে যায়। এ এক অদ্ভুত ঘোর লাগা অবস্থা। চাইলেও মানুষ তা এড়াতে পারে না। এমনই কাহিনি নিয়ে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে নাটক ‘বসন্ত এসে গেছে’।
রেজাউর রহমান ইজাজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, সালমান আরাফাত, নওশীন নাহার, শেখ স্বপ্না, শফিউল আলম বাবু ও শিউলি শিলা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রচারিত হবে নাটকটি।
‘বসন্ত এসে গেছে’র গল্পে দেখা যাবে- বন্ধুর সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে যায় রৌদ্র। সেখানে বন্ধুর বোন রুনুর সঙ্গে তার দারুণ সম্পর্ক তৈরি হয়ে যায়। একসময় তারা একে অপরকে ভালোবেসে ফেলে। বন্ধুর পরিবারে এ নিয়ে সংকট তৈরি হয়। রৌদ্র বন্ধুত্বকে বাঁচাবে নাকি প্রেম? এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।


