ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) আয়োজনে শুরু হলো ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে উৎসবটির ২৪তম আসর বসেছে মঙ্গলবার, চলবে রোববার পর্যন্ত।
বিকাল ৫ টায় টিএসসি মাঠে এই উৎসবের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুমন্ত সরকার অর্পন বলেন, ‘আজকের যান্ত্রিক নগর জীবনে সবাই মিলে সিনেমা দেখাটা আর তেমন হয়ে ওঠে না। বিনোদনের জন্য এখন আছে সোশ্যাল মিডিয়া, সিনেমা দেখার জন্য আছে ওটিটি।’
‘তবে চলচ্চিত্র যেহেতু একপ্রকার সামাজিক শিল্পমাধ্যম, মানুষ সর্বদাই চেয়েছে সামাজিকভাবে চলচ্চিত্র উপভোগ করতে। আমরা চাই, টিএসসির এই বড় পর্দায় ঢাকাই সিনেমার হল সংস্কৃতিকে আবারও ফিরিয়ে আনবে।’
আয়োজকরা বলছেন, প্রতিটি প্রদর্শনীর টিকিট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা, যেন ছাত্র-শিক্ষক এবং সাধারণ মানুষ সবাই এই উৎসবে শামিল হতে পারেন।
এবারের উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
প্রতিদিন চারটি স্লটে সিনেমা দেখানো হবে। এগুলো হলো সকাল ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৬টা।
প্রথম দিন সন্ধ্যায় আহমেদ হাসান সানি পরিচালিত চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’-র মাধ্যমে উৎসবের পর্দা উঠেছে।
বুধবার প্রদর্শিত হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদের ‘চক্কর ৩০২’ এবং রায়হান রাফীর ‘তাণ্ডব’।
বৃহস্পদিবার দেখানো হবে সালাউদ্দিনের ‘রূপবান’, সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, পিপলু খানের ‘জয়া আর শারমিন’ এবং মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
শুক্রবার উৎসবের চতুর্থ দিনে দর্শকরা দেখতে পাবেন হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, তোজাম্মেল হকের কালজয়ী সিনেমা ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’, মিঠু খানের ‘নীলচক্র’ এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।
শনিবার প্রদর্শনীতে থাকছে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ছবি ‘উৎসব’।
উৎসবের শেষ দিন রোববার দেখানো হবে বেলাল আহমেদের ‘নয়নের আলো’ এবং কাজী হায়াতের ‘ধর’। এছাড়া বেলা সাড়ে ৩টার স্লটে প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’।
সবশেষে কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ চলচ্চিত্রটির প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে ২৪তম আসরের।


