হবিগঞ্জের জনসভাতেও ‘একটি দল’ থেকে সতর্ক করলেন তারেক

হবিগঞ্জের জনসভাতেও ‘একটি দল’ থেকে সতর্ক করলেন তারেক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জনসভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

একটি রাজনৈতিক দল প্রবাসীদের পোস্টাল ভোট দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওই দলটির বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতেও অনুরোধ জানিয়েছেন।

বুধবার বিকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় নিজের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেবল হবিগঞ্জের জনসভাতেই নয় দিনভর সিলেট, মৌলভীবাজারসহ বেশ কয়েকটি সমাবেশে তারেক রহমান ‘একটি দলের’ নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, ভোটারদের সতর্ক করেছেন।

নাম উল্লেখ না করলেও তারেক রহমান মূলত জামায়াতকেই ইঙ্গিত করছেন। কারণ তিনি যেসব কাজের বর্ণনা দিচ্ছেন, সেসব সম্পর্কে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত সংশ্লিষ্টতার খবরই মিলছে। যার মধ্যে রয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটের অঙ্গীকার করানো, বিকাশ নম্বরে টাকা দেওয়া ইত্যাদি।

ভোটারদের তাহাজ্জুদের নামাজ শেষ করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে ফজরের নামাজ পড়ে ধানের শীষে ভোট দেবেন। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে, একটি রাজনৈতিক দল বিদেশিদের পোস্টাল ভোট দখলের নেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি কার্ড সংগ্রহ করছে এবং টাকা দিচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।’

আরও পড়ুন

বিএনপি উন্নয়ন করতে চায় জানিয়ে দলটির প্রধান বলেন, যুবকদের বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করবে, একই সঙ্গে মা- বোনদের হাতে ফ্যামিলিকার্ড ও কৃষকদের কৃষি কার্ড তুলে দেওয়া হবে।

তিনি বলেন, ‘এসব উন্নয়ন করতে হলে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’

এর আগে সকালে সিলেটে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। পরে মৌলভীবাজার হয়ে হবিগঞ্জে পৌঁছেন।

হাজারও নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে শায়েস্তাগঞ্জের মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠের চারপাশে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি গণঅভ্যুত্থানে নিহত, আহত ও গুম হওয়া পরিবারের সদস্যদের জন্যও মঞ্চের দক্ষিণ পাশে আলাদা একটি মঞ্চ তৈরি করা হয়।

জনসভায় সভাপতিত্ব করছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। সভা সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম আহবায়ক এম ইসলাম তরফদার তনু।

সভায় বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দীন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব, হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad