কড়াইল বস্তিতে কার্ড দেওয়ার কথা বলে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাওয়ার মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন সারজিস আলম।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন এই এনসিপি নেতা ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী।
সারজিস আলম বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার শোকবার্তার নামে যে লিফলেট ঘরে ঘরে নিয়ে গেছে, সেটিও মূলত সিমপ্যাথি নেওয়া ও ভোট চাওয়ার একটি কৌশল। বিষয়টি নিয়ে আমরা অভিযোগ করিনি। কিন্তু গতকাল কড়াইল বস্তির একটি কর্মসূচিতে তারেক রহমান কার্ড দেখিয়ে বলছেন–এটা দিয়ে এই হবে, ওটা হবে। এটা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।’
এখন পর্যন্ত মৌখিকভাবে অভিযোগ দেওয়া হলে প্রয়োজনে লিখিত অভিযোগও দেওয়া হবে বলে জানান তিনি।
বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের হুমকি-ধামকি দিচ্ছেন দাবি করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, ‘ভয়ের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা দমন-পীড়নের রাজনীতি করতে চায়, তাদের নজির এক বছর চার মাস আগেই স্থাপন হয়েছে।’
এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ছোটখাটো রাজনৈতিক দলের আচরণবিধি লঙ্ঘন নিয়ে আমরা অভিযোগ করিনি। কিন্তু ভোটার, আমাদের কর্মী-সমর্থক বা ১০ দলের কাউকে ভয় দেখানোর চেষ্টা হলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।’
‘এই কার্ড দিয়ে যদি তেল, চাল, ডাল দেওয়ার কথা বলা হয়, তাহলে কি জনগণকে অক্ষম করে রাখাই তাদের লক্ষ্য?’ এমন প্রশ্ন তুলে সারজিস বলেন, ‘আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই এবং সে লক্ষ্যেই সহযোগিতা করে যাচ্ছি।’


