জকসু নির্বাচন: বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি

জকসু নির্বাচন: বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি
শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখরিত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ | ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

কুয়াশা ঢাকা সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের কলতানে মুখরিত হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। নির্বাচনে ভোট দিতে তারা হাজির হচ্ছেন নির্ধারিত ভোট কেন্দ্রে।

শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে দীর্ঘ হচ্ছে ভোটারদের লাইন।

সরেজমিনে দেখা গেছে, সকালের দিকে ভোটারের সারি কিছুটা ছোট থাকলেও বেলা সাড়ে ১১টার পর থেকে লাইন দীর্ঘ হতে শুরু করে।

সকালে ভোটার উপস্থিতি কম থাকার পেছনে ​শীত ও নিরাপত্তা নিয়ে প্রাথমিক শঙ্কার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। অ্যাকাউন্টিং বিভাগের ১৭তম ব্যাচের (সেশন ২০২১-২২) শিক্ষার্থী দীপাঞ্জক বনিক বলেন, ‘এতো শীতের মধ্যে সকালে আসাটা কষ্টকর। কিছু খবর শুনে মনে একটা শঙ্কা তৈরি হয়েছিল যে ভোট হয়তো বাতিল হয়ে যাবে। কিন্তু এখন এসে দেখছি নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার। নিরাপত্তা বাহিনী ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করছে। আমার প্রত্যাশা হলো কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হোক।’

আরও পড়ুন

কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হচ্ছে জকসু ভোট। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস

অনেক শিক্ষার্থী ভোট গ্রহণের প্রথম দিকের ভিড় এড়াতে দুপুরে আসার পরিকল্পনা করেছেন। ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নিশি জানান, ‘দুপুরের দিকে ভিড় কিছুটা কম হতে পারে ভেবে একটু দেরিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। পরিবেশ এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে। আশা করছি শেষ পর্যন্ত একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা উপহার পাব।’

​নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাইশা তাসনিম মিথিলা বলেন, ‘জকসু নিয়ে আমাদের সবার অনেক আশা। আমরা চাই এমন কেউ নির্বাচিত হোক, যারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবে। যেই জয়ী হোক না কেন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করাই যেন তাদের মূল লক্ষ্য হয়।’

​ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন। বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এই জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad