জুলাই গণঅভ্যুত্থানে নিহত জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজারে যাবেন এবং পেকুয়া উপজেলায় ‘জুলাই যোদ্ধা’ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে আহত হন ওয়াসিম। পরে ওইদিন বিকাল ৩টার দিকে তিনি মারা যান।
তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে যাচ্ছেন। এটি জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।
এদিকে কক্সবাজার সফরের সময় তারেক রহমান যেন ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেন এমন প্রত্যাশা করেন অনেক নেতাকর্মী।
উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হন বিএনপির নিবেদিত কর্মী জাগির হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সফরে জাগির হোসেনের দুই এতিম সন্তানসহ পরিবারের খোঁজ নেবেন এবং কবর জিয়ারতে উখিয়া আসবেন-এটাই বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা।


