জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৪৭০ টাকা। সোমবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া তার হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
আয়কর রিটার্ন অনুযায়ী শফিকুর রহমানের নিট বার্ষিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। এর বিপরীতে তিনি আয়কর দিয়েছেন ৩০ হাজার টাকা। তার আয়ের উৎস হিসেবে কৃষি খাত থেকে ৩ লাখ টাকা এবং দান হিসেবে পাওয়া ৬০ হাজার টাকার কথা উল্লেখ করা হয়েছে।
হলফনামায় উল্লেখ করা অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা, ব্যাংকে জমা ৪ লাখ ৯০ হাজার ২৬৩ টাকা, বন্ড, ঋণপত্র ও শেয়ারে বিনিয়োগ ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা এবং ৪ লাখ ৫০ হাজার টাকার একটি গাড়ি।
এ ছাড়া ১ লাখ টাকার স্বর্ণ, ২ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ২ লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মোট মূল্য ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২ একর ১৭ শতক কৃষিজমি যার মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। এ ছাড়া ১৩ শতক অকৃষিজমি যার মূল্য ২ লাখ ৫৪ হাজার ৮৩৪ টাকা এবং ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ি, যার মূল্য ২৭ লাখ টাকা।
হলফনামায় আরও বলা হয়েছে, শফিকুর রহমানের নামে বর্তমানে দুটি মামলা আদালতের মাধ্যমে স্থগিত রয়েছে। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি মোট ৩২টি মামলায় অভিযুক্ত ছিলেন। এর মধ্যে ১৭টি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন, ৮টি মামলা প্রত্যাহার হয়েছে এবং ৭টি মামলায় তিনি খালাস পেয়েছেন।


