মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশমাতৃকার মুক্তির জন্য ৭১ এর মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য তিনি জাতির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেশের প্রতি মমত্ববোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য তার নিবেদিতপ্রাণ ভূমিকা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
বিএনপি মহাসচিব এ কে খন্দকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে বিমান বাহিনীর সাবেক এই প্রধান মারা যান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।


