দুই দিন বন্ধ থাকার পর রোববার থেকে ফের শুরু হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শিল্পকলা একাডেমি।
এর আগে শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানায়, সেদিন থেকে প্রতিষ্ঠানটির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস শনিবারও শিল্পকলা একাডেমির সব কার্যক্রম বন্ধ ছিল।
এদিন বিকালে বিজ্ঞপ্তি দিয়ে রোববার থেকে কার্যক্রম শুরুর কথা জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কার্যক্রম স্থগিতের পোস্ট দেওয়ার পর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমসহ আরও কিছু অনলাইন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেইজে উক্ত বিষয়টি “অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা” করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করে— যা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে এবং এটি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।’


