এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের

এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের
এশিয়া কাপের আনুষ্ঠানিক ফটোসেশনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

বাংলাদেশের ক্রিকেটে যৎসামান্য সাফল্য যা এসেছে অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরেই। ২০২০ সালে বিশ্বকাপ জেতার পর টানা দুই দফায় জিতেছে এশিয়া কাপের শিরোপা। ২০২৩ সালে সংয্যক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বার সাফল্য পেয়েছে ২০২৪ সালে ভারতকে হারিয়ে। সেই ধারাবাহিকতায় টানা তৃতীয় শিরোপায় চোখ রেখে আরো একটি এশিয়া কাপে যাচ্ছেন বাংলাদেশের তরুণরা।

১২ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে বুধবার সকাল ৯টার ফ্লাইটে দেশ ছাড়ছেন আজিজুল হাকিম তামিমরা। এর আগে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে উপস্থিত হন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।

সেই পর্ব সেরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অধিনায়ক তামিম জানান, হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন তারা দেখছেন, ‘ভেতরে থেকে তো চেষ্টা থাকবে ইনশাআল্লাহ হ্যাটট্রিকের। কিন্তু আমরা প্রসেসে বিশ্বাসী। দেখা যাক আল্লাহ ভরসা।”

এশিয়া কাপের আগে ওয়ানডেতে বেশ ভালো ছন্দে ছিল যুব দল। জিম্বাবুয়েতে জিতেছে ত্রিদেশীয় সিরিজ, দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছে ওয়ানডে সিরিজে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে সিরিজ শেষ করেছে ২-২ সমতায়। এই ধারাবাহিকতাই আত্মবিশ্বাস যোগাচ্ছে তামিমদের এশিয়া কাপে ভালো করতে।

তামিম বলেন, ‘এ বছর আমরা প্রায় সবগুলো সিরিজ জিতেছি এবং শেষ কয়েকটা ড্র হয়েছে। তো বলা চলে আমরা একটা সিরিজও হারিনি। আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ।”

আরও পড়ুন

এশিয়া কাপে বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়েই খেলতে যাচ্ছে বাংলাদেশ। বছরজুড়ে যে দলটা খেলেছে, তাদের বেশিরভাগই আছেন এশিয়া কাপের স্কোয়াডে। যদিও তামিমের চোখে খুব বেশি বদল আসেনি দলে, বরং তিনি মনে করেন অভিজ্ঞতায় ভারী হয়েছেন তার সতীর্থরা।

তামিম বলেন, ‘পরিবর্তন শুধু আমি মনে করি এক্সপেরিয়েন্স। আমরা যতগুলো ম্যাচ খেলেছি, পুরো বিশ্বেওমনে হয় এমন এত ম্যাচ কেউ খেলে নাই। আর সবাই এখানে এক্সপেরিয়েন্স প্লেয়ার। এখন জীবনকেও নেয়া হয়েছে। সব মিলিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু করব।’

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, নেপাল ও শ্রীলংকা। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে ১৩ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। ১৫ ডিসেম্বর দ্য সেভেন স্টেডিয়ামে খেলবে নেপালের বিপক্ষে। ১৭ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের লড়াই।

বাংলাদেশের এশিয়া কাপের দল

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোঃ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই: রাফিউজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশীষ সরকার দেবা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad