দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৬ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৩৯৪ জনে রয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ৭৬, ঢাকা উত্তর সিটিতে ১১০, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৬, খুলনা বিভাগে ৩৬ (সিটির বাইরে), ময়মনসিংহ বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ৩৪ ও রংপুর বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন।
এদিকে একই সময়ে দেশে ৫৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেলেন ৯৫ হাজার ২০৪ জন।
দেশে চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৩১৩ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।
একই সময়ের মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণহানি হয় ডেঙ্গুতে।
তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়।
এ ছাড়া ডেঙ্গুতে আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১, জুন মাসে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো রোগীর মারা যাননি।
অন্যদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুন মাসে ৫ হাজার ৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়াও সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর মধ্যে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


