মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ভোটকক্ষে মোবাইল ফোনে ব্যালট পেপারের ছবি তোলায় রেজা মিয়া (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।
আটক রেজা মিয়া বালিয়াখোড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং পেশায় মুদি দোকানি। কেন্দ্রের সূত্রে জানা যায়, রেজা মিয়া ভোট দিতে গিয়ে গোপন কক্ষে প্রবেশের পর নিজের মোবাইল ফোন দিয়ে ব্যালট পেপারের ছবি তোলেন। বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যদের নজরে এলে তারা তাকে আটক করেন এবং মোবাইল ফোনটি জব্দ করেন।
নির্বাচনী আইন অনুযায়ী, ভোটকক্ষে মোবাইল ফোন ব্যবহার বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কাজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এসএম হাফিজুর রহমান জানান, আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে আটক করা হয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, রেজা মিয়া একজন সহজ-সরল মানুষ এবং বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। পরে নিজের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা দিলে তাকে প্রায় দুই ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়।
এ ঘটনায় কেন্দ্র এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নে চলতে থাকে।


