বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাকস্থলীতে হওয়া রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মো. আল মামুন।
শনিবার সকালে টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
এই চিকিৎসক জানান, খালেদা জিয়ার এন্ডোসকপি করা হয়েছে। সেখানে দেখা গেছে তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং আগের মতোই স্হিতিশীল আছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তিনি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। বর্তমানে নিউমোনিয়া, কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা নিয়ে তিনি চিকিৎসাধীন।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তাকে সেখানে নেওয়া হবে। এরই মধ্যে তাকে নিতে যাবার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতিও নিয়ে রেখেছে।
কাতার সরকারের অর্থায়ন ও ব্যবস্থাপনায় আসছে জার্মানির এই অ্যাম্বুলেন্সটি।


