গোপালগঞ্জ সদর উপজেলায় হলার মেশিনে গলার গামছা পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. ফয়সাল।
সোমবার দুপুরে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া নামক এলাকায় একটি তুলার কারখানায় এ ঘটনা ঘটে। নিহত গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চর ভূইয়াপাড়া গ্রামের মো. এসকেন্দারের ছেলে।
গোপীনাথপুর পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, চন্দ্রদিঘলিয়া এলাকার একটি তুলার মিলে ঝুট থেকে তুলা তৈরির কাজ করতেন ফয়সাল। বেলা ১১ টার দিকে তুলা তৈরি করার সময় গলায় থাকা গামছা তুলা প্রক্রিয়াজাতকরণের মেশিনে (হলার) পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হয়।
পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, কোন অভিযোগ আসলে তা খতিয়ে দেখা হবে।


