চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে শফিক নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক তরুণীসহ পাঁচজন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিমতলা বিশ্বরোড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিক ফকিরহাট গোসালডাঙ্গা ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বন্দরের আউটসোর্সিংয়ে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি সি বিচ এলাকা থেকে এক্সপ্রেসওয়েতে উঠে বেপরোয়া গতিতে লালখান বাজার এলাকার দিকে যাচ্ছিল। নিমতলা মোড় এলাকায় হঠাৎ ব্রেক ধরতে গিয়ে গাড়িটি র্যাম্প টপকে নিচে পথচারীদের উপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী শফিক মারা যান। নিচে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির আরোহীরাও মারাত্মক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মদ জানান, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে।


